এমবিবিএস পাস না করেও করতেন সার্জারি!
এমবিবিএস পাস না করেই নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেন। বিএমডিসি সনদ না থাকলেও সার্জারি করতেন মানুষের। মো. আনোয়ার হোসেন ভূঞা নামে এক প্রতারককে সোমবার দুপুরে আটক করেছে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিক ভুয়া ডাক্তার মো. আনোয়ার হোসেন ভূঞাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মহিপাল চৌধুরী বাড়ি এলাকায় ভূঞা মেমোরিয়াল পাইলস ও পলিপস চিকিৎসালয় লিমিটেড নামের প্রতিষ্ঠানে মো. আনোয়ার হোসেন ভূঞা নামে এই প্রতারক এমবিবিএস পাস না করেই নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেন। বিএমডিসি সনদ না থাকলেও মানুষের সার্জারি চিকিৎসা করেন- এমন অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ লঙ্ঘনের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
অভিযানে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস.এস আর মাসুদ রানা, ডা. যুবায়ের ইবনে খায়ের উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় ফেনী মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।