দিনাজপুরে সহযোগীসহ ভুয়া চিকিৎসক আটক
দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট, বিভিন্ন চিকিৎসা সামগ্রীসহ ভুয়া চিকিৎসক রুস্তম আলী মাসুদ ও তার সহকারী মো. আব্দুল্লাহকে আটক করেছে র্যাব।
শনিবার গণমাধ্যমে দিনাজপুর র্যাব-১৩ এর পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানান ফ্লাইট লেফটেন্যান্ট সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক মাহমুদ বশির আহমেদ।
দিনাজপুর র্যাব-১৩ এর পক্ষ থেকে বলা হয় , দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজির দিঘির মোড় বাজারে ‘বাপ্পি ফার্মেসি’ নামক মেডিকেল স্টোরে ভুয়া চিকিৎসক মো. রুস্তম আলী মাসুদ নামে এক ব্যক্তি ভুয়া সাইন বোর্ড ও ডিগ্রি ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ধারণ করে এলাকাবাসীকে প্রতারিত করে আসছেন।
.png)
এই সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ গোয়েন্দা দল তথ্য যাচাই করে তথ্যের সত্যতা নিশ্চিত করে। পরে গত ২১ এপ্রিল বৃহস্পতিবার সিভিল সার্জনের প্রতিনিধি সহকারে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ঐ ফার্মেসিতে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক মো. রুস্তম আলী মাসুদ, এবং তার ব্যবহৃত বিভিন্ন ভুয়া প্রেসক্রিপশন, বিভিন্ন ধরণের জাল সার্টিফিকেট বিপুল পরিমাণ অননুমোদিত বিভিন্ন ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট, বিভিন্ন চিকিৎসা সামগ্রীসহ তাকে আটক করে। এ সময় তার সহযোগী মো. আব্দুল্লাহকেও আটক করা হয় ।
আটককৃত মো. রুস্তম আলী মাসুদ দিনাজপুর পৌর এলাকা রামনগরের বাসিন্দা । তার সহযোগী মো.আব্দুল্লাহ দিনাজপুর সদরের মহব্বতপুরের বাসিন্দা ।
দিনাজপুর র্যাব -১৩ আরো জানায়, তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করে দুইজনকে থানায় হস্তান্তর করেছে।