ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা সাইড করতে বলায় কিশোর গ্যাংয়ের হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২০ অক্টোবর ২০২২
অটোরিকশা সাইড করতে বলায় কিশোর গ্যাংয়ের হামলা
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে কিশোর গ্যাং সদস্যদের হামলায় রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক আবুল হাসান সোহেল আহত হয়েছেন। আহত সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুইজনকে গলধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। আহত আবুল হাসান সোহেল ইনডিপেনডেন্ট টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আব্বাছ হোসেনের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার মাগুড়ীতে নিজ কর্মস্থল রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন আবুল হাসান সোহেল। এ সময় জকসিন বাজারে সিএনজি অটোরিকশার জ্যাম সৃষ্টি হয়। একপর্যায়ে আবুল হাসান সোহেল সিএনজি থেকে নেমে অন্য সিএনজিগুলোকে সাইডে দাঁড়াতে বলেন। এর জের ধরে বখাটে কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেনের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে আহত করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় তারা। পরে বাজারের ব্যবসায়ীরা বখাটে জিহাদ হোসেন ও কামাল হোসেনকে আটক করে গলধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

Advertisement

অভিযোগ রয়েছে, কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেন প্রায় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। কথায় কথায় মানুষকে মারধর করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি এলাকায় মাদকাসক্ত ও নেশাখোর হিসেবে চিহ্নিত।

এ ঘটনায় একইদিন দুপুরে আহত আবুল হাসান সোহেলের বড় ভাই সাংবাদিক আব্বাছ হোসেন বাদী হয়ে সদর থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় আটককৃত জিহাদ হোসেন ও কামাল হোসেন ছাড়াও আরো ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহেল জানান, কিছু বুঝে উঠার আগেই কিশোর গ্যাং সদস্য জিহাদ হোসেনের নেতৃত্বে বখাটেরা আমার ওপর হামলা চালায়। এ সময় মোবাইল ও নগদ টাকা লুট করে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

সদর থানার ওসি মো. মোসলেহ উদ্দিন জানান, হামলার ঘটনা শুনে পুলিশ পাঠনো হয়েছে। জিহাদ হোসেন ও কামাল হোসেন নামে দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মারধর
লিংক সফলভাবে কপি হয়েছে!