ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষকের মারধরে ভাঙল ছাগলের পা, বিচার চাইতে থানায় মালিক

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২২
কৃষকের মারধরে ভাঙল ছাগলের পা, বিচার চাইতে থানায় মালিক
পা ভাঙা ছাগল নিয়ে থানার সামনে বসে আছেন সিদ্দিকুর রহমান

সাভারের আশুলিয়ায় ক্ষেতের ফসল খেতে পারে, এমন আশঙ্কায় সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির চারটি ছাগলকে মারধর করেছেন কৃষক আব্দুর রহিম। এতেই তোতামুখী জাতের একটি ছাগলের পা ভেঙে যায়। সেই পা ভাঙা সেই ছাগল নিয়ে রাতে থানায় এসেছেন মালিক। বিচার চেয়ে করেছেন কৃষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ।

এ ঘটনায় রোববার রাতে আশুলিয়া থানায় দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ছাগলের মালিক সিদ্দিকুর রহমান। 

সিদ্দিকুর রহমান জানান, আশুলিয়ার চারিগ্রামের আব্দুর রহিম নামে এক কৃষক তার পাশ্ববর্তী জমিতে চাষাবাদ করেন। ওই কৃষকের ধারণা সিদ্দিকুরের ছাগলগুলো তার জমির ফসল খাবে। এমন আশঙ্কায় কৃষক ছাগল পালন করতে নিষেধ করেন। সিদ্দিকুর তার নিষেধ না শুনে চারটি ছাগল পালন করেন। এতে ক্ষুব্ধ হন কৃষক আব্দুর রহিম। পরে স্থানীয় নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে চারটি ছাগলকে পিটিয়ে আহত করেন এবং একটির পা ভেঙে দেন আব্দুর রহিম।

Advertisement

তিনি আরো বলেন, কখনো আমার ছাগলগুলো তার জমিতে যায়নি, ফসলও নষ্ট করেনি। তবুও তারা এমনটি করেছেন। পা ভাঙা ছাগলটি তোতামুখী জাতের। ছয় মাস আগে ১২ হাজার টাকায় কিনেছিলাম। এ ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের কাছে কোনো বিচার না পেয়ে থানায় এসেছি। এ ঘটনায় বিচার চেয়ে থানায় আব্দুর রহিম ও নজরুল ইসলামের নামে জিডি করেছি।

সোমবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।

তিনি বলেন, ঘটনাটি জেনেছি। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!