ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ দিন পর দেশে এলো প্রবাসীর মরদেহ, গ্রামজুড়ে শোকের মাতম 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ২১ মার্চ ২০২৪
১০ দিন পর দেশে এলো প্রবাসীর মরদেহ, গ্রামজুড়ে শোকের মাতম 
ছবি: সংগৃহীত

সাত বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তোফাজ্জল হোসেন। সেখানেই ১০ দিন আগে মস্তিষ্কে রক্তরক্ষণে মারা যান তিনি। ১০ দিন পর বৃহস্পতিবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে আনার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।

নিহত তোফাজ্জল মেহেরপুরের গাংনীর বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি মালয়েশিয়ায় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মরদেহ নিজগ্রাম ঝোড়াঘাটে এসে পৌঁছায়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাকে এক পলক দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন গ্রামের মানুষ।

Advertisement

নিহত তোফাজ্জল হোসেনের ভাতিজা বিপ্লব হোসেন বলেন, আমার চাচা দীর্ঘদিন দুবাই ও ব্রোনাই ছিলেন। এরপর মালয়েশিয়ায় যান সেখানে প্রায় সাত বছর অবস্থান করছিলেন। কিন্তু প্রথম রোজার দিন হঠাৎ শুনতে পাই আমার চাচা স্ট্রোক করে মারা যান। আমার চাচার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আমরা দ্রুত কাগজপত্র সেখানে প্রেরণ করি। বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়িতে পৌঁছায় চাচার মরদেহ।

তিনি আরো বলেন, আমার চাচার সহকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখেছিলাম। তারা দ্রুত মরদেহ দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এজন্য তাদের অসংখ্য ধন্যবাদ।

তোফাজ্জল হোসেনের বড় ভাই মরজেম আলী বলেন, আমার ভাই পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছিলেন। আমি বড় অথচ সে আমার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!