ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জমজমাট আম বাজার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ২৬ জুলাই ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জমজমাট আম বাজার
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জমজমাট আম বাজার। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এখন আমের ভরা মৌসুম। বাজারে রয়েছে ফজলি আম্বিনা, বারি ফোরসহ নানা জাতের আম। এবার শুরু থেকেই প্রকৃতির বৈরিতায় আমের ফলন অনেকটাই কম এ জেলায়। তবে বাজারে মৌসুমের শুরু থেকেই আমের বাড়তি দাম থাকায়, আমবাগান মালিক ও ব্যবসায়ীরা ফলন কম হওয়ায় কষ্ট অনেকটাই কাটিয়ে উঠেছিলেন। কিন্তু কোটা আন্দোলকে ঘিরে সহিংসতা ও পরবর্তী সময়ে কারফিউয়ের কারণে গেল সপ্তাহে দেশের ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছিল চিন্তার ভাঁজ। তবে কারফিউ শিথিল হওয়ায় আবারো পূর্বের অবস্থায় ফিরেছে আমের কেনাবেচা। সেইসঙ্গে বেড়েছে আমের দামও, জমজমাট চাঁপাইনবাবগঞ্জের কানসাটের আম বাজার।

বৃহস্পতিবার কানসাট আম বাজার ঘুরে দেখা যায়, পুরো বাজার ভরে আছে আম আর আমে। বাজার ছাপিয়ে আমের ভ্যানের সারি গিয়ে পৌঁছেছে মূল সড়কে কয়েক কিলোমিটারজুড়ে। আমের ট্রাক আর আমের ভ্যানের এ যাওয়া আসায় সড়কজুড়ে প্রায় সময়ই লেগে থাকছে দীর্ঘ যানজট। 

আমের দাম নিয়ে খুশি আম ব্যবসায়ীরা। তারা জানান, গত কয়েকদিন কারফিউয়ের কারণে কিছুটা দাম কমে গিয়েছিল, আবারো আমের দাম বাড়তির দিকে। ফজলি আম বিক্রি হচ্ছে তিন ৩৮০০ থেকে ৪০০০ টাকা, আশ্বিনা ১৮০০-২০০০ টাকা, আম্রপালি ৪০০০- ৪৫০০ টাকা, বারি-৪ বিক্রি হচ্ছে ৩৫০০- ৩৮০০ টাকা দরে। এ দাম পেয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান ব্যবসায়ীরা। 

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে প্রতিদিন আমকেন্দ্রিক বাণিজ্য হয় প্রায় ২৫-৩০ কোটি টাকার, দেশের বিভিন্ন স্থানে আম পাঠানোর জন্য গড়ে উঠছে ছোট বড় প্রায় ৫ শতাধিক আমের আড়ৎ। আর এসব আড়ৎ, আম প্যাকেজিংসহ আমকেন্দ্রিক কাজে সৃষ্টি হয়েছে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান। আম বাজার জমে উঠায় আবারো ব্যস্ততা বেড়েছে আম শ্রমিকদের।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিলের সময়সীমা সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত করায় যান চলাচলসহ জনজীবন অনেকটায় স্বাভাবিক।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!