সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে মার্কেটে থাকা মোবাইলের দোকানসহ ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক।
.png)
স্থানীয়রা জানান, রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আসে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, বায়তুন নুর শপিং সেন্টারে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বয়রা থেকে ও টুটপাড়া থেকে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মার্কেটের আগুন নিয়ন্ত্রণ হয় রাত ১টা ১০ মিনিটের দিকে। এ ঘটনায় ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি দোকানে বেশি ক্ষতি হয়েছে। যার একটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের সামনে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।