চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩
চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার।
পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাজীগঞ্জ থানা পুলিশ খবর পায় কুমিল্লা থেকে একটি ডাকাত দল পিকআপ নিয়ে হাজীগঞ্জ বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের পূর্ববাজার ব্রিজ এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়।
সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলীপ চন্দ্র দাসসহ পুলিশের একটি দল যানবাহন তল্লাশি শুরু করেন।
রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে একটি নীল রঙের টাটা ব্র্যান্ডের ছোট পিকআপ গাড়ি আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন— লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. জাহেদ ওরফে জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগর থানার খুরুইল গ্রামের মৃত খলিলের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫) এবং একই জেলার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. মহসিন মিয়া।
এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো রামদা, চাপাতি, ছুরি, একটি নীল রঙের টাটা ব্র্যান্ডের পিকআপ, লোহার কাটার, তিনটি লোহার রড, একটি লোহার শাবল, তিনটি সুতি গামছা, পাঁচটি সার্ফ কোম্পানির ধারালো ব্লেড এবং তিনটি কালো রঙের মুখোশ উদ্ধার করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জাব্বার বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।