স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মামুনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে রংপুরের লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন মামুন। গত ২৫ জানুয়ারি রাতে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করেন মামুন। এ ঘটনার পর গত ১ মার্চ ভিকটিমের পরিবার বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা করলে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়। র্যাব-১৩ এর একটি চৌকস দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে। গত সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর মহানগরীর লালবাগ এলাকার 'প্রিয়ন্তী সুপার শপ'-এর সামনে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেফতার করা হয়।
.png)
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সামাজিক অপরাধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে র্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আসামিকে আদালত কর্তৃক জেলহাজতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।