ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর: সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ৯ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর: সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন
ছবি: ডেইলি বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করা হয়েছে। এর মধ্য দিয়ে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো।

শনিবার (৮ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লোগো উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। শারমিন সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

Advertisement

স্বাগত বক্তব্যে বাহারুল ইসলাম মোল্লা বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। জাতীয় প্রেসক্লাবের পর দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রেসক্লাবগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অন্যতম। সুবর্ণজয়ন্তীর আয়োজনকে স্মরণীয় করে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি শুধু প্রেসক্লাবের অনুষ্ঠান হিসেবে নয়, এটিকে পুরো ব্রাহ্মণবাড়িয়ার উৎসবে পরিণত করতে হবে। আয়োজনটি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদেরও এর সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সুবর্ণজয়ন্তীর আয়োজন এমনভাবে করা উচিত, যাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটি জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় উৎসব উপভোগ করতে পারে। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাব পরিচালনা করাকে প্রতিষ্ঠানটির অন্যতম ইতিবাচক দিক বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

লোগো উন্মোচন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাংবাদিক মনজুরুল আলম, কবি জয়দুল হোসেন, শেখ শহিদুল ইসলাম, আশিকুল ইসলাম, আল আমিন শাহিন, পীযুষ কান্তি আচার্য্য, দীপক চৌধুরী বাপ্পী, আবদুন নূর, শাহাদৎ হোসেন ও আশেক মান্নান হিমেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ গ্রহণ করেন ওয়াসিকুর রহমান মোস্তাক মোল্লা, দেওয়ান দিদারুল আলম ও খাইরুল হাসান।

এ সময় প্রেসক্লাবের কার্যক্রম ও ইতিহাস নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচনের মধ্য দিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!