মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন। আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদির মিয়া চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
.png)
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, কাদির মিয়ার স্ত্রী বীনা সরকারের বিদেশ থেকে পাঠানো টাকা নিয়ে তার মা হাজেরা খাতুনের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ৬ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুরবাড়ির রান্নাঘরে ঢুকে দা দিয়ে শাশুড়ি হাজেরা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন কাদির মিয়া।
ঘটনার পর নিহতের ছেলে মো. মনির সরকার বাদী হয়ে কাদির মিয়াকে একমাত্র আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ৮ মে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।
মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আফজাল হোসেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের হত্যা মামলা নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষ সক্রিয় ভূমিকা রাখবে।