হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা বৃহস্পতিবার সকালে প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি রুজু করা হয়। এর আগে বুধবার রাতে এনসিপির পক্ষ থেকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। মামলার বাদী হয়েছেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল।
.png)
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, আশরাফুজ্জামান রিয়াদ, আসিফুল ইসলাম ইমন, মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অভি ও রক্সি ইসলাম।
এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার হবিগঞ্জ টাউন হলের সামনে থেকে সার্কিট হাউজে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। এছাড়া এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মীসহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
ঘটনার প্রেক্ষাপটে এনসিপি বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিলে বিএনপি, ছাত্রদল ও যুবদলও পাল্টা কর্মসূচি ডাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা চলাকালে মৌলভীবাজার থেকে আসার পথে পুলিশ বাহুবলের মুছাই বাজার ও কামাইছড়া এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয়। পরে পুলিশ সুপার মো. তারেক মাহমুদের সঙ্গে আলোচনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল লিখিত অভিযোগ দেয়, যা পরবর্তীতে থানায় মামলায় রূপান্তর করা হয়।
এদিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকালে ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
অন্যদিকে মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে এসে বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ছাত্র-জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই ঘটনায় বিএনপি বা ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।