বুধবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এ সময় বিক্রির জন্য রাখা প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ উদ্ধার করা হয়। তবে মাছের বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরে উদ্ধার করা মাছগুলো রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
.png)
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ আফ্রিকান মাগুর দেশীয় মাছের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে সেগুলো কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। নিষিদ্ধ এ মাছের বিক্রি ও বাজারজাত বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান রায়গঞ্জে আফ্রিকান মাগুর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুধু রায়গঞ্জে নয়, পুরো জেলাতেই আমাদের এ অভিযান চলছে এবং চলবে।’
এ সময় রায়গঞ্জ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।