মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মামলায় হাজিরা দিতে আদালতে গেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার তার গ্রেপ্তারের আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাম জাল করে ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগ ওঠে ইউপি সদস্য রেহানা খাতুনের বিরুদ্ধে। এ ঘটনায় শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মজিদ সেখের ছেলে মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন।
.png)
মামলায় জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগ আনা হয়। মঙ্গলবার মামলার ধার্য তারিখে আদালতে হাজিরা দিতে গেলে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, মামলাটি আগের। আমরা এ বিষয়ে বিস্তারিত জানি না। আমরা নতুন দায়িত্বে যোগদান করেছি। তাই ঘটনার সময় কী হয়েছিল, তা আমাদের জানা নেই।
শিয়ালকোল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সালাম বলেন, আজ তার মামলার হাজিরার দিন ছিল। হাজিরা শেষে হঠাৎ আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। আমরা চাই, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হোক।