সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস লাহেরীকান্দা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশার ওপর পড়ে।
.png)
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, রাজিব পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। এর ফলে লাহেরীকান্দা এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির দাবি জানান।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তারা জানান, দুটি মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও দুটি মরদেহ ঘটনাস্থলে রয়েছে। উল্টে থাকা বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা বাসটি সরিয়ে ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, তা দেখতে উদ্ধার অভিযান চালাচ্ছেন। উদ্ধারকাজ শেষ হলে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।