ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, প্রধান আসামি দুই দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, প্রধান আসামি দুই দিনের রিমান্ডে
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তমাল সরকারকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের এপিপি রফিকুল ইসলাম (রফিক আকন্দ) বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত তমাল সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁর ভাষ্য, সংসদ সদস্য আইনুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। তমালকে জিজ্ঞাসাবাদ করলে হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।

Advertisement

মামলার এজাহার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি সভা শেষে ফেরার পথে সংসদ সদস্যের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে আইনুল হক অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

গত ২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ১৭ আগস্ট মামলার অপর দুই আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গতকাল মঙ্গলবার তাঁরা জামিনে মুক্ত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!