বৃহস্পতিবার রাত ১০টার দিকে বোদা পৌরসভার মডেল মসজিদসংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন বোদা উপজেলার পাঁচপীর এলাকার সেনপাড়া গ্রামের হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩)।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে অভিনব কৌশলে একটি সাদা প্লাস্টিকের বস্তায় পুরোনো কাপড়ের মধ্যে গাঁজা লুকিয়ে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের বোদা বাইপাস হয়ে সাকোয়ার দিকে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি দল বোদা পৌরসভার মডেল মসজিদসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
পরে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে চালক হৃদয় ইসলাম ও আরোহী মহেন রায়কে আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের মাঝখানে থাকা সাদা প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে বস্তার ভেতরে পুরোনো কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটগুলো খুলে ওজন করে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) আবু হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।