ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ৩১ আগস্ট ২০২৬
মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। পাশাপাশি পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের বৃহত্তর সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখার জন্য নিউবর্ন ওয়ার্মার, নবজাতকের শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে কোল্ড চেইন সরঞ্জামসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ রয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০ (FHI 360), ঝপাইগো (Jhpiego), জেএসআই (JSI) ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকেও এ সহায়তার আওতায় রাখা হয়েছে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে এ সহায়তা ভূমিকা রাখছে।

দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।

পঞ্চগড়ের সীমান্ত ও পর্যটন এলাকা পরিদর্শন

এদিকে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় ও সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সফরের প্রথম দিন রোববার বিকেল ৫টার দিকে তিনি তেঁতুলিয়া ডাকবাংলো পরিদর্শন করেন এবং সেখান থেকে সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে মহানন্দা নদী, বিভিন্ন পর্যটনস্থান ও পঞ্চগড়ের সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পরে বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্টে যান মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী।

সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন তারা। বাংলাবান্ধা জিরো পয়েন্টে কিছু সময় অবস্থান করে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন।

এ সময় সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!