শনিবার দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ওই বাড়ির ফারুক ছৈয়ালের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রান্নার জন্য রান্নাঘরে প্রবেশ করেন রোকেয়া বেগম। এ সময় সেখানে মজুত করে রাখা বিপুল পরিমাণ ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে রোকেয়া বেগম গুরুতর আহত হন।
.png)
বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে পাশের বাঁশবাগানে পড়ে। এ ছাড়া বিস্ফোরণের ধাক্কায় সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয়রা আহত রোকেয়া বেগমকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘রান্নাঘরে একটি ড্রামের ভেতরে বালতি রাখা ছিল। ওই বালতিতে বিপুল পরিমাণ ককটেল ছিল। সেগুলো বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।