সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। তাদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে।
.png)
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ে নিয়মিত পাঠদান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর সপ্তম শ্রেণির চার ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের বাড়িতে পাঠানো হলে তারা সুস্থ হয়ে ওঠে।
এর কিছুক্ষণ পর দশম শ্রেণির একজন এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির আরও ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, ‘মোট ১৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের স্যালাইন দেওয়া হয়েছে। অনেকেই এখন সুস্থ রয়েছে। স্যালাইন শেষ হলে তারা বাড়ি ফিরে যেতে পারবে। তবে কী কারণে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, শ্রেণিকক্ষে কোনো ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে থাকতে পারে।
তবে গন্ধের উৎস বা শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।