নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে ৪ জন ব্যবসায়ীর কাছ থেকে ২৬১ বস্তা অবৈধভাবে মজুদ রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই চার ব্যবসায়ীকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা এবং দুই ব্যবসায়ীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আঞ্জুমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
.png)
অভিযান সূত্রে জানা যায়, সার কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদের অপরাধে চারজন ব্যবসায়ীর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আটক চারজনের মধ্যে মোবারক হোসেনের সর্বোচ্চ ১৪৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই বাজারের আবুল হাসেমের ৫৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, আব্দুস ছালামের ৫৩ বস্তা সার জব্দ এবং ২০ হাজার টাকা জরিমানা এবং আরেক সার ব্যবসায়ী সোহেল ৮ বস্তা সার জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুম জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।