ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২৬
নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: ডেইলি বাংলাদেশ

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান খান হেলাল, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সাধারণ সম্পাদক রূপালী বেগম ও সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও বেশি সম্পৃক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তারা বলেন, শহর থেকে গ্রাম দেশের প্রতিটি পর্যায়ে নারীদের আরও ঐক্যবদ্ধ ও সচেতন হতে হবে। একই সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের কল্যাণে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
 

ডেইলি-বাংলাদেশ/DB-M-02
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!