দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া এলাকায় একটি ধানিজমিতে কিশোরী জুবা আক্তারকে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়রা জমিতে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
.png)
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় মামলা করা হয়। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।
মামলার তদন্তে খলিল উদ্দিন ও গোলাম হোসেনের সম্পৃক্ততার অভিযোগ উঠে। আদালতের নথি অনুযায়ী, খলিল উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।