ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ফের খোয়াই নদীর বাঁধে ভাঙন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২৩ আগস্ট ২০২৬
হবিগঞ্জে ফের খোয়াই নদীর বাঁধে ভাঙন
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধে দেড় মাস পর ফের ভাঙন দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধের ভাঙন দিয়ে দ্রুত লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে কালীগঞ্জ এলাকার বাঁধে ভাঙন দেখা দেয়। এরপর ভাঙন দিয়ে প্রবল স্রোতে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। এতে কৃষিজমি ও ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে গত ৯ জুলাই রাতে একই বাঁধ ভেঙে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরসহ আশপাশের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, ফসল ও মাছের ঘেরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায় বলে স্থানীয়রা জানান।

Advertisement

পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি মেরামতের কাজ শুরু করলেও কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এর মধ্যেই দেড় মাসের ব্যবধানে ফের বাঁধে ভাঙন দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, গত দুই-তিন দিন ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এতে উজান থেকে ঢলের পানি নেমে আসায় খোয়াই নদীর পানি বেড়েছে। বাঁধের মেরামতের কাজ চলমান থাকলেও এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এতে কৃষিজমি ও ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!