ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়াইহাজারে পুলিশকে লক্ষ্য করে ডাকাতদের ইটপাটকেল নিক্ষেপ-গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আড়াইহাজারে পুলিশকে লক্ষ্য করে ডাকাতদের ইটপাটকেল নিক্ষেপ-গুলি
আড়াইহাজার থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতেরা পালিয়ে যায়।

শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান জানান, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কাছেই টহলে থাকা এসআই হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

Advertisement

একপর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে শর্টগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, এর আগে একই এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর উপজেলার মোল্লারচর এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!