ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর গৌরবময় সাফল্য

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৯:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২৬
লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর গৌরবময় সাফল্য
নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া লালমোহন হা-মীমের আট কৃতি শিক্ষার্থী।

ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আট মেধাবী শিক্ষার্থী দেশের স্বনামধন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে তারা নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।

এর মধ্যে মুক্তাদির আল অহন, মুনতাকিম আল অর্নব, মো. সালমান রহমান ও আরাফাত রহমান সাকিব নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তাদের মধ্যে মুক্তাদির আল অহন ও মুনতাকিম আল অর্নব আপন জমজ ভাই।

Advertisement

এ ছাড়া সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রতীক চন্দ্র দাশ, জুনায়েদ সাকি, মুহতাসিম জাহিন ও মোহাম্মদ বিন সাইফ ভর্তির সুযোগ পেয়েছে। তারা সবাই এ বছর লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

দ্বীপজেলার প্রত্যন্ত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসঙ্গে আটজন শিক্ষার্থী দেশের স্বনামধন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়াকে উজ্জ্বল দৃষ্টান্ত ও গৌরবের বিষয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা।

কৃতিত্বপূর্ণ এ সাফল্যের জন্য আট শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, “এই সাফল্য শিক্ষার্থীদের মেধা ও প্রচেষ্টার পাশাপাশি আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার কারণে এসেছে। আমরা প্রতিটি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

প্রসঙ্গত, গত বছরও লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এবার নতুন করে নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মোট আট শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!