সীমান্তে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম ও বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি, সেভেন অয়েল, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, কিসমিস, চকলেট, ধনিয়া বীজ, লাল শাকের বীজ, গরু, মদ, গাঁজা, ইস্কাফ সিরাপ এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দ পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৬৪ হাজার ৬২৫ টাকা। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দ ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
.png)