ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার
খাগড়াছড়িতে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ি আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধ করে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগকর্মী মো. মাহফুজ জুয়েল (৩১), মো. রুবেল (৩২), ছাত্রলীগকর্মী মো. সাকিল (২৪), জেলা কৃষক লীগের সদস্য সুজন বিশ্বাস (৪৩) এবং জেলা কৃষক লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন চৌধুরী (৫১)।

Advertisement

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর গভীর রাতে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে গোলাবাড়ী ইউনিয়নের বড়পাড়া এপিবিএন ক্যাম্পসংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় সেখানে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় বলে পুলিশ জানায়।

এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বিধি অনুযায়ী জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!