লংগদুতে কিশোরী ধর্ষণের অভিযোগ, সৎ বাবাসহ আটক ২
রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা (৬৫) ও প্রতিবেশী যুবক শহিদুলকে (২৩) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে ওই এলাকায় সৎ বাবার বাড়িতে বসবাস করত। অভিযোগ রয়েছে, গত সপ্তাহে বাড়িতে একা থাকার সুযোগে সৎ বাবা তাকে ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ উঠেছে।
বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর একই কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক শহিদুলের বিরুদ্ধে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে লংগদু থানা-পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
লংগদু থানার ওসি জাকারিয়া বলেন, গত এক সপ্তাহ ধরে ঘটনাগুলো ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ধর্ষণের অভিযোগে সৎ বাবা এবং ধর্ষণচেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।