ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেলের পরিমাপে কারচুপি ও মজুত ঠেকাতে জয়পুরহাটে অভিযান

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের পরিমাপে কারচুপি ও মজুত ঠেকাতে জয়পুরহাটে অভিযান
জয়পুরহাটে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করছেন জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের কর্মকর্তারা। ছবি: ডেইলি বাংলাদেশ

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিমাপে কারচুপি ও অবৈধ মজুত প্রতিরোধে জয়পুরহাটের বিভিন্ন পেট্রোল পাম্পে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের সড়ক ভবন এলাকার উত্তরা ফিলিং স্টেশন এবং গুলশান মোড় এলাকার জয়পুর ফিলিং স্টেশনে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম এবং বিএসটিআইয়ের পরিদর্শক প্রকৌশলী মো. আসাদুজ্জামান।

Advertisement

অভিযানকালে ফিলিং স্টেশন দুটিতে ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহকৃত পরিমাণ পরীক্ষা করা হয়। এতে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা পরিমাপে কারচুপি করতে না পারে, সে জন্য জেলা প্রশাসনের নির্দেশনায় এ তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতসহ এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!