ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলাইছড়িতে আটক দুই ভারতীয়কে ছিনিয়ে নেয়ার অভিযোগ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিলাইছড়িতে আটক দুই ভারতীয়কে ছিনিয়ে নেয়ার অভিযোগ
রাঙ্গামাটির বিলাইছড়িতে বিজিবির হাতে আটক দুই ভারতীয় নাগরিককে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া গাছবাগান এলাকায় বিজিবির হাতে আটক দুই ভারতীয় নাগরিককে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর একটি দল ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিজিবির দাবি, শতাধিক নারী-পুরুষের একটি সংঘবদ্ধ দল তাদের টহল দলের ওপর হামলা চালিয়ে হেফাজতে থাকা দুই ব্যক্তিকে নিয়ে যায়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধীন দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহল দল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় বিভিন্ন ভারতীয় মালামালসহ সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

Advertisement

আটক ব্যক্তিরা হলেন ভারতের মিজোরাম প্রদেশের লংটিলা জেলার গবাছড়ি গ্রামের মনসিক্কা তঞ্চঙ্গ্যা ও সুশীল তঞ্চঙ্গ্যা। তাদের কাছে ভারতীয় প্রসাধনী, আধার কার্ড ও কাপড়চোপড় পাওয়া যায় বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য ওইদিন সন্ধ্যায় তাদের পাশের রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ক্যাম্পসংলগ্ন এলাকায় পৌঁছালে শতাধিক পাহাড়ি নারী-পুরুষের একটি দল বিজিবি টহল দলের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা নারীদের সামনে রেখে মানবঢাল তৈরি করে বিজিবির হেফাজত থেকে আটক দুই ভারতীয় নাগরিককে ছিনিয়ে নেয়।

ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে বিজিবি দায়িত্বশীলভাবে কাজ করছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!