ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যের কারখানায় অভিযান চালিয়ে দুধে অতিরিক্ত পানি মেশানোর প্রমাণ এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দুগ্ধজাত পণ্য উৎপাদনের অভিযোগে দুটি পক্ষকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দিনব্যাপি উপজেলার কয়ড়া ও লাহিড়ী মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা উপস্থিত ছিলেন।

জানা যায়, মিল্ক অ্যানালাইজারের মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধের ফ্যাটের মাত্রা ঠিক থাকলেও তাতে অতিরিক্ত পানির উপস্থিতি পাওয়া যায়। পাশাপাশি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই ও মিষ্টিসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার অন্তু রায়কে ২৫ হাজার টাকা এবং দুধ সরবরাহকারী জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের পাশাপাশি বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

পরে লাহিড়ী মোহনপুরের কেএম ইনস্টিটিউশনের হলরুমে দুগ্ধ ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নিরাপদ খাদ্য উৎপাদন, পণ্যের মান বজায় রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লাপাড়া মডেল থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/জেডআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!