ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক : এমপি জামাল

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০০:২০, ৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক : এমপি জামাল
রফিকুল ইসলাম জামাল। ছবি: সংগৃহীত

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল বলেছেন, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্তদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে।

গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল লেখেন, ‘রাজাপুর-কাঠালিয়ায় মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক।’ একই পোস্টে তিনি আরো লেখেন, ‘কোনো নিয়োগ-বাণিজ্য হবে না।’

এর আগে রফিকুল ইসলাম জামাল মাদকবিরোধী অবস্থানের কথা জানিয়ে রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটিতে পদপ্রত্যাশীদের ডোপ টেস্টের কথা বলেছিলেন।

রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনের বর্তমান সংসদ সদস্য। গত ১৬ সেপ্টেম্বর তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হলে তাকে দেওয়া সংবর্ধনায়ও তিনি মাদক ও নিয়োগ বাণিজ্য বন্ধে নানা প্রতিশ্রুতি দেন।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/জেডআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!