ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে অপরাধ প্রতিরোধ সভা: নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪২, ৩ অক্টোবর ২০২৬
লালমোহনে অপরাধ প্রতিরোধ সভা: নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
লালমোহনে অনুষ্ঠিত অপরাধ প্রতিরোধ সভায় উপস্থিত অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে লালমোহন থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার।

এ সময় তিনি বলেন, অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

Advertisement

ওসি বলেন- মাদক, কিশোর গ্যাং, জুয়া ও অনলাইন জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড ব্যক্তি ও পারিবারিক জীবনের পাশাপাশি পুরো সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের এসব অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা জরুরি।

অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরউদ্দিন, মোতাহারনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মাইনুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!