মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার তবলছড়ি ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা জানাজানি হলে শনিবার (৩ অক্টোবর) স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে শিশুটিকে বাড়িতে রেখে তার মা স্থানীয় বাজারে যান। এ সুযোগে এক প্রতিবেশী ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
.png)
ঘটনার বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার রাতে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৈয়বুর রহমান জানান, শিশুটির শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে রয়েছেন। রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।