ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল হাফেজ ফাহমিদের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৩, ৬ অক্টোবর ২০২৬
অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল হাফেজ ফাহমিদের
নিহত হাফেজ ফাহমিদ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাফেজ মো. ফাহমিদুল ইসলাম ফাহমিদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

 সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাওনা উড়ালসেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ফাহমিদকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ফাহমিদ উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা নতুন বাজার এলাকার আনোয়ার হোসেনের একমাত্র ছেলে। তিনি বহেরারচালা কেন্দ্রীয় মসজিদের সাবেক সভাপতি আবদুল হেকিমের নাতি এবং স্থানীয় বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের ভাতিজা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাতে স্কুটি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মাওনা উড়ালসেতুর উত্তর পাশে একটি অজ্ঞাত গাড়ি ফাহমিদের স্কুটিতে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাওনার আল-হেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তাঁর মৃত্যু হয়।
ফাহমিদ বহেরারচালা কেন্দ্রীয় মসজিদে নিয়মিত তারাবির নামাজ পড়াতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ফাহমিদ আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বহেরারচালা কেন্দ্রীয় মসজিদের সামনে ফাহমিদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!