মদনে নবাগত ইউএনওর সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মতবিনিময়
নেত্রকোণার মদন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদেরের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. কাদের।
সভায় বক্তারা মদন উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রশাসন ও জনগণের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও এম. এ. কাদের বলেন, “মদন উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।” তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি উপজেলার উন্নয়নে সব দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুবুর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, জুলাই যোদ্ধা ইমরান হোসেন, দৈনিক আমার সংবাদ প্রতিবিধি আব্দুল কাইয়ুম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি পর্বের পাশাপাশি মদন উপজেলার উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে পারস্পরিক মতামত ও সহযোগিতার প্রত্যাশা তুলে ধরা হয়।