খাগড়াছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা পেলেন ৩ শতাধিক রোগী
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি এলাকায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।
লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলাম চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনীর চিকিৎসকের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আসা চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ দুই চিকিৎসক রোগীদের সেবা দেন।
দীর্ঘদিন পর বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তারা এ উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
লক্ষ্মীছড়ি জোনের অধিনায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে সেনাবাহিনী কাজ করছে। শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চিকিৎসা কার্যক্রমে লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ, বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাকিল, চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা, চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা এবং বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী উপস্থিত ছিলেন।