ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, উদ্ধার ইয়াবা-গাঁজা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ২৮ অক্টোবর ২০২৬
ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, উদ্ধার ইয়াবা-গাঁজা
মাদকবিরোধী অভিযানে আটক তিন জন। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ও দুপুর ২টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়ের পূর্ব পাশে এবং পলতাকান্দা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানে দুর্জয় মোড়ের পূর্ব পাশে ভৈরব বাসস্ট্যান্ড এলাকা থেকে লিটন মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হোটেল ব্যবসার আড়ালে তিনি ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

একই দিন দুপুরে পলতাকান্দা এলাকায় শেফালী বেগম (৩৮) নামে এক নারীর দখলে থাকা বসতঘরে অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁকে আটক করা হয়। পরে একই এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশার (৫০) নামে আরেক ব্যক্তির কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি), ভৈরবের নেতৃত্বাধীন দল, বাংলাদেশ আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর ও উপপরিদর্শক মো. সাইকুল ইসলাম তালুকদার আটক তিনজনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হকের আদালতে প্রসিকিউশন দাখিল করেন।

ভ্রাম্যমাণ আদালত লিটন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, শেফালী বেগমকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং আবুল বাশারকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, মাদক নির্মূল ও মাদকের অপব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভৈরবের দুর্জয় মোড় ও পলতাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে প্রাপ্ত তথ্য ও অপরাধের ধরন বিবেচনায় আইন অনুযায়ী তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!