ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ২

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ৩১ অক্টোবর ২০২৬
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহত চালকের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইজিবাইকচালক এনামুল হক (৬০) এবং মো. ইউসুফ আলীর ছেলে সোহরাব আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে সন্ধ্যায় ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন নুরনবী ও সোহরাব আলী। পথে পুনট কোল্ড স্টোরেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়। দুর্ঘটনায় চালক এনামুলের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হন সোহরাব আলীও।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের খাদে ফেলে পালিয়ে যান বলে জানা গেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নুরনবীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি খাদে রয়েছে এবং পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!