ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ১ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ

‘দক্ষ যুব গড়ব দেশ’ ও ‘সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

রোববার সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের উপপরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। যুবকদের এসব সুযোগ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুবসমাজকে দূরে রাখতে হবে। একই সঙ্গে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!