ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

৮৭ টাকার মিষ্টি খেয়ে জিতলেন লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২২
৮৭ টাকার মিষ্টি খেয়ে জিতলেন লাখ টাকা
এনআরবি সম্মেলনকক্ষে ইএফডি চালানের লটারির নম্বর ঘোষণা অনুষ্ঠান- ছবি: ডেইলি বাংলাদেশ

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের ২০তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ওয়েলফুড থেকে ৮৭ টাকার মিষ্টি খেয়ে প্রথম পুরস্কার জিতেছেন চট্টগ্রামের এক ব্যক্তি।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) সম্মেলনকক্ষে অনুষ্ঠানে লটারির নম্বর ঘোষণাকালে এ তথ্য জানান এনবিআর সদস্য (মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীরিক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) ড. আব্দুল মান্নান শিকদার।

আগস্ট মাসের চালানের ওপর ভিত্তি করে এই লটারির ড্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়। গত মাসে ইএফডি যন্ত্র ব্যবহার করে যারা কেনাকাটা করেছেন তাদের কেনাকাটার চালানপত্র কূপন হিসাবে লটারিতে ব্যবহার করা হয়।

Advertisement

ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

লটারির ড্র এনবিআরের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। এছাড়া তিন কার্যদিবস পর পত্রিকায় ফল প্রকাশ করা হবে। এবারের ইএফডি লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর- 003622QAZLC050। দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বর- 001322TDTZDFX705। তৃতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বর- 002322FTKECBD653, 001122SNBFEFL846, 000122HLRKXLB516, 000322GQRSLVJ457, 000122HTEEMBP150।

চলতি বছরের আগস্ট পর্যন্ত ৭ হাজার ৭৮৯টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি যন্ত্র বসিয়েছে এনবিআর। অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত ৩ জন প্রথম পুরস্কার নিয়েছেন। আর লটারির অন্যান্য পুরস্কার পেয়েছেন ১০৩ জন।

গত ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। তখন ১০১ জন বিজয়ীর ইনভয়েস নম্বর ঘোষণা করা হয়। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিনের মাধ্যমে ভ্যাট প্রদানকারীদের পুরস্কৃত করতে এ লটারি অনুষ্ঠিত হয়।

ইএফডি হলো আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। এ যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারছে এনবিআর। এর মধ্যে কত অংশ ভ্যাট তা জানা যাবে। ফলে ভ্যাট ফাঁকি বন্ধ হবে এবং আদায় বাড়বে।

ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন চালু করে এনবিআর। ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকিতে রাজস্ব বোর্ডের সার্ভারের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকবে ইএফডি মেশিন। এজন্য এরই মধ্যে সার্ভার স্থাপন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!