ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে: এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৩
রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে: এফবিসিসিআই
ফাইল ফটো

আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং সরবরাহ স্বাভাবিক রাখতে খুচরা ও পাইকারি ব্যবসায়ী, আড়তদার এবং মিল মালিকদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

রোববার এফবিসিসিআই আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সচেতন থাকতে হবে। পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে খুচরা, পাইকারি বাজার এবং আড়ৎ পর্যায়ে পণ্য কেনা-বেচায় রশিদ (ইনভয়েস) প্রদানের তাগিদ দেন তিনি।

Advertisement

এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মতান্ত্রিক উপায়ে ব্যবসা করতে হবে। বিগত সময়ে ব্যবসায়ীদের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর করতে হবে।

তিনি জানান, গত বছরের ২০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রমজানের চাহিদা মেটাতে নিত্যপণ্য আমদানিতে এলসি সহজীকরণের জন্য এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল।

তিনি জানান, রমজানে বাজার স্বাভাবিক রাখতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ৪৬ সদস্য বিশিষ্ট বাজার মনিটরিং কমিটি কাজ করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করছে কমিটির সদস্যরা।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্ব আছে। 

এ সময় চাল, গম ইত্যাদি পণ্য উৎপাদন করে সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য কৃষক ও খামারিদের ধন্যবাদ জানান তিনি। এছাড়া বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদেরকেও ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি।

মতবিনিময় সভায় এফবিসিসিআইয়েরর সহসভাপতি মো. আমিন হেলালী, হাবীব উল্লাহ ডন, পরিচালক মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!