ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, দেবে না শাইনপুকুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫১, ৩১ অক্টোবর ২০২৬
তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, দেবে না শাইনপুকুর
সংগৃহীত ছবি

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো কোহিনুর কেমিক্যাল, লীগ্যাসি ফুটওয়্যার ও কনফিডেন্স সিমেন্ট। এর মধ্যে কোহিনুর কেমিক্যাল ৩২ দশমিক ৫০ শতাংশ, লীগ্যাসি ফুটওয়্যার ১ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্ট ১০ শতাংশ লভ্যাংশ দেবে। অন্যদিকে শাইনপুকুর সিরামিকস ২০২৪-২৫ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কোম্পানিগুলোর পৃথক পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) এ বিষয়ে জানানো হয়েছে।

কোহিনুর কেমিক্যালের পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৬৮ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৭১ টাকা ১ পয়সা।

লভ্যাংশ অনুমোদনসহ অন্যান্য বিষয়ে শেয়ারহোল্ডারদের মতামত নিতে আগামী ১৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

লীগ্যাসি ফুটওয়্যার সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ বা শেয়ারপ্রতি ১০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১১ পয়সা। একই বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১১ টাকা ২৯ পয়সা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। রেকর্ড তারিখ ২৩ নভেম্বর।

অন্যদিকে, কনফিডেন্স সিমেন্ট ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ২০ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৯৬ টাকা ৮৯ পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

এদিকে, শাইনপুকুর সিরামিকস ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৯ টাকা ৯৪ পয়সা। আদালতের অনুমোদন সাপেক্ষে কোম্পানিটির এজিএমের তারিখ নির্ধারণ করা হবে। এর রেকর্ড তারিখ ১৯ নভেম্বর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!