ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ কেন, নামটি দিয়েছে কোন দেশ?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫, ২৮ অক্টোবর ২০২৬
ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ কেন, নামটি দিয়েছে কোন দেশ?
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। ঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। তবে ঘূর্ণিঝড়টির নাম ‘অর্ণব’ কেন রাখা হয়েছে এবং কোন দেশ এই নাম প্রস্তাব করেছে, তা নিয়ে অনেকের কৌতূহল রয়েছে।

‘অর্ণব’ বাংলা ভাষার একটি শব্দ, যার অর্থ সমুদ্র বা সাগর। উত্তর ভারত মহাসাগর অঞ্চলের ঘূর্ণিঝড়ের জন্য নামটি প্রস্তাব করেছে বাংলাদেশ।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টির প্রভাব শুরু হয়। এর প্রভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশার উপকূলীয় এলাকাতেও ঝড়ের প্রভাব পড়েছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এতে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

যেভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) আওতায় উত্তর ভারত মহাসাগর অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামকরণের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে।

এ অঞ্চলের ১৩টি দেশ ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

প্রতিটি দেশ ১৩টি করে নাম প্রস্তাব করায় মোট ১৬৯টি নামের একটি তালিকা তৈরি করা হয়। ২০২০ সালে তালিকাটি চূড়ান্ত করা হয়।

পরবর্তী সময়ে উত্তর ভারত মহাসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হলে ওই তালিকার নির্ধারিত ক্রম অনুযায়ী নাম দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবারের ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘অর্ণব’।

ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় কেন?

ঘূর্ণিঝড়ের নামকরণের প্রধান উদ্দেশ্য হলো দুর্যোগসংক্রান্ত তথ্য ও সতর্কবার্তা সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া।

প্রতিটি ঘূর্ণিঝড়ের আলাদা নাম থাকলে আবহাওয়াবিদ, সংবাদমাধ্যম, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ সহজেই নির্দিষ্ট ঝড়টিকে শনাক্ত করতে পারেন।

বিশেষ করে একই সময়ে একাধিক ঘূর্ণিঝড় সৃষ্টি হলে নামের মাধ্যমে সেগুলোকে আলাদা করে চেনা যায়। এতে সতর্কবার্তা প্রচারে বিভ্রান্তি কমে এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিতে সুবিধা হয়।

তবে ঘূর্ণিঝড়ের নামের সঙ্গে এর শক্তি, গতিপথ কিংবা কোন এলাকায় আঘাত হানবে, তার কোনো সম্পর্ক নেই। নামকরণ করা হয় আগে থেকে নির্ধারিত তালিকা অনুযায়ী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!