ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

চেনা ভুবনে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:২২, ১০ অক্টোবর ২০২৬
চেনা ভুবনে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি ।। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে চলতি বছরের শুরুর দিকে। আট মাস ধরে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, কেমোথেরাপি নিচ্ছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি এখন বাসাতেই সময় কাটান। পরিবারের সদস্য ও পোষ্যদের নিয়েই তার ব্যস্ততা।

কিন্তু তানিয়া বৃষ্টি এখন কেমন আছেন? এ প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আল্লাহর রহমতে আমার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। ছয় মাসের কেমোথেরাপির মধ্যে চার মাস কয়েক দিন আগে শেষ করেছি।’ কেমোথেরাপির সাইকেল শেষে রিভিউ হবে। এসব তথ্য জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘কেমো শেষ হলে আবার এমআরআইসহ সবকিছু পরীক্ষা করতে হবে, টিউমারের অবস্থা কী—দেখতে হবে। আপনারা সবাই দোয়া করবেন।’

চিকিৎসার মধ্য দিয়ে যাওয়ার কারণে ওজন বেড়েছে। এ বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেকেই বলছেন, আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুটি সার্জারির কারণে। আর আমাকে এমন কিছু ওষুধ খেতে হয়, যে কারণে আমার ওজন বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক।’

অসুস্থতার কারণে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন তানিয়া বৃষ্টি। সহশিল্পী, কলাকুশলীদের পরিবার মনে করেন তিনি। তার ভাষায়—‘মিডিয়ার শিল্পী, সহশিল্পী, কলাকুশলীরা আমার একটা পরিবার, আমার জীবনের একটা অংশ। পুরো সময়ই আমার এই পরিবারকে মিস করি। অনেকেই আমার সম্পর্কে জানতেন, আমাকে দেখতে আসতেন। তারা বলতেন, আমার ফেরার অপেক্ষায় রয়েছেন। তাদের কথাগুলো সাহস জোগাত, মানসিক শক্তি দিত।’

তানিয়া বৃষ্টি ফের অভিনয়ে ফিরতে চান। কাজে ফেরার জন্য মানসিকভাবেও প্রস্তুত। চলতি মাসেই চেনা ভুবনে ফেরার আশা ব্যক্ত করেন। এসব তথ্য স্মরণ করে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি অভিনয়ের মানুষ।’

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!