ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

কুসুম শিকদার বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪১, ১১ অক্টোবর ২০২৬
কুসুম শিকদার বিরতি ভেঙে ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন
ছবি: সংগৃহীত

আবারও সংগীতে ফিরলেন দীর্ঘ বিরতি ভেঙে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদার। সর্বশেষ ২০১৭ সালে তার আলোচিত ‘নেশা’ গানটি প্রকাশের পর শুক্রবার মুক্তি পেল নতুন মৌলিক গান। গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে সাড়া ফেলেছে।

কক্সবাজারের সমুদ্র সৈকত ও নানা মনোরম স্থানে করা হয়েছে। এতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন শের শাহ রাসেল। নকুল সরকারের পরিচালনায় প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত এই ভিডিওটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অবমুক্ত করা হয়।

গানের পেছনের গল্প নিয়ে কুসুম শিকদার জানান, এটি তার অত্যন্ত প্রিয় একটি সৃষ্টি। করোনাভাইরাস মহামারির শুরুর দিকে ২০২০ সালে তিনি গানটির কথা লিখেছিলেন এবং সে সময়েই অডিও রেকর্ডিং সম্পন্ন হয়। তবে ভিডিও নির্মাণের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এর মাঝে নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ (২০২৪) নিয়ে ব্যস্ত থাকায় গানটি প্রকাশে কিছুটা দেরি হয়। অবশেষে শ্রোতাদের আগ্রহ ও তাড়না থেকেই গানটি মুক্তির সিদ্ধান্ত নেন তিনি।

মাহমুদ সানির সুর ও সংগীতায়োজনে নির্মিত এই গানটি দিয়ে নিজের চেনা ছন্দের বাইরে এক ভিন্ন রূপ নিয়ে হাজির হয়েছেন এই শিল্পী। এর আগে নকুল সরকারের পরিচালনায় রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’ গেয়েছিলেন তিনি। সংগীতের পাশাপাশি নতুন কাজের খবরও দিয়েছেন কুসুম শিকদার।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!