ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

১৮ বছরে প্রথম ফেসবুকের ব্যবহারকারী কমল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০২২
১৮ বছরে প্রথম ফেসবুকের ব্যবহারকারী কমল
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় পতন ঘটেছে। যা গত ১৮ বছরের ইতিহাসে প্রথম!

মেটা নেটওয়ার্কস জানিয়েছে, ফেসবুকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী বা ডিএইউ ডিসেম্বর পর্যন্ত শেষ তিন মাসে ১৯২ কোটি ৯০ লাখে নেমেছে, যা আগের তিন মাসে ছিল ১৯৩ কোটি।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ইউটিউব ও টিকটকের মত প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় এবং বিজ্ঞাপনদাতারা খরচ কমানোয় আয়ের প্রবৃদ্ধিও কমতে পারে বলে ধারণা করছে মেটা।

Advertisement

বুধবার নিউ ইয়র্কের শেয়ার বাজারে শেষ বেলার লেনদেনে মেটার শেয়ারের দর পড়ে গেছে ২০ শতাংশ। টুইটার, স্ন্যাপ ও পিনটারেস্টের মত অন্যান্য সোশাল মিডিয়া কোম্পানির শেয়ারের দামেও বড় পতন হয়েছে।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেছেন, দর্শকরা বিশেষ করে তরুণ ব্যবহারকারীরা প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্ল্যাটফর্মে চলে যাওয়ায় ফেসবুকের রাজস্ব প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের অপারেটিং সিস্টেমে গোপনীয়তার নীতিতে পরিবর্তন আনার কারণেও মেটার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিচালনা করে। এই ব্যবসায় শীর্ষস্থানে আছে গুগল।

তবে আয়ের দিক থেকে মেটার পতন হয়নি। প্রতিষ্ঠানটির সামগ্রিক আয় শেষ তিন মাসে বেড়ে তিন হাজার ৩৬৭ কোটি ডলার হয়েছে, যা পূর্বাভাসের চেয়ে সামান্য বেশি।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!