শনিবার (২৫ ডিসেম্বর) স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) সম্পর্কে তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি বলেন, এ ধরনের কমিশন থাকা ও কার্যক্রম পরিচালনার কোনো প্রয়োজন নেই। আমরা যদি প্রয়োজন মনে করি, ইসলামিক আমিরাত এ কমিশনকে পুনরুজ্জীবিত করবে।
কারিমি আরো বলেন, এ সপ্তাহে সরকারের আরো দুটি মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলো হলো শান্তিবিষয়ক ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
.png)
দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে আইইসি গঠন করা হয়েছিল। এ সংস্থার নির্বাচন পরিচালনার বাধ্যবাধকতা ছিল এবং সব ধরনের নির্বাচন পর্যবেক্ষণ করতো।
এদিকে কমিশনের সাবেক প্রধান আওরঙ্গজের বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তালেবান তাড়াহুড়া করে এ সিদ্ধান্ত নিয়েছে। কমিশনকে অকার্যকর করা ব্যাপক পরিণতি ডেকে আনবে।
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার নেতাদের আশ্রয় দেয়ার অভিযোগ এনে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।
এরপর টানা ২০ বছর ধরে যুদ্ধ চলে তালেবান এবং যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সঙ্গে। অবশেষে ২০ বছরের আফগান যুদ্ধের অবসান ঘটিয়ে ৩১ আগস্টের মধ্যে কাবুল ত্যাগ করে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর সেনারা। এরপরই তালেবানের কাছে পরাজিত হয় পশ্চিমাপন্থী আফগান সরকারের। ফলে নতুন করে ফের ক্ষমতায় আসে তালেবান।
সূত্র: আল-জাজিরা