গত শনিবার (১ জানুয়ারি) মরিশাসের স্যার সিউসাগুর রামগোলাম আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার মরিশাসের একটি বিমানে এই ঘটনাটি ঘটে।
বিবিসির খবরে বলা হয়, প্লেনটি মাদাগাস্কার থেকে মরিশাসে এসে বিমানবন্দরে অবতরণের পর রুটিনমাফিক তল্লাশি চালাতে গিয়ে কর্মকর্তারা নবজাতকটির খোঁজ পান।
.png)
তল্লাশিকালে বিমানেরে শৌচাগারে রক্তমাখা টয়লেট পেপার চোখে পড়ে কর্মকর্তাদের। এ ঘটনায় শৌচাগারে ভালো করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সেখানে থাকা ময়লার ঝুড়িতে পাওয়া যায় একটি নবজাতক।
এ ঘটনায় ওই বিমানের ২০ বছর বয়সী এক তরুণী যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানেই তিনি শিশুটির জন্ম দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ সদস্যরা। তবে ওই তরুণী জিজ্ঞাসাবাদে প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তিনিই ছেলে শিশুটির মা।
বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার ওই নারী মাদাগাস্কারের বাসিন্দা। তিনি মরিশাসে দুই বছরের ওয়ার্ক পারমিট নিয়ে এসেছিলেন।
এদিকে উদ্ধারের পরপরই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। এ মুহূর্তে সে সুস্থ আছে। হাসপাতালে পুলিশের নজরদারিতে স্বাভাবিক রয়েছেন ওই তরুণী। তার বিরুদ্ধে নবজাতককে পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে।